সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

বীমা দাবির টাকা থেকে নতুন পলিসির প্রিমিয়াম কাটা যাবে না

অর্থজগত প্রতিবেদন
বীমাগ্রহীতা বা নমিনির প্রাপ্য বীমা দাবির অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কাটা কিংবা বীমার টাকা পাওয়ার শর্ত হিসেবে নতুন পলিসি কিনতে বাধ্য করা যাবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নির্দেশনায় বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বীমা দাবি, মৃত্যুদাবি ও সারভাইভাল বেনিফিটের অর্থ সম্পূর্ণভাবে বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। প্রযোজ্য সরকারি রাজস্ব ছাড়া অন্য কোনো অর্থ বা ফি এ ক্ষেত্রে কর্তন করা যাবে না। বীমার প্রাপ্য অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি কেনার শর্ত আরোপ কিংবা নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ সমন্বয় করাও নিষিদ্ধ।
আইডিআরএর পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু লাইফ বীমা কোম্পানি বীমা দাবি পরিশোধের সময় গ্রাহক বা নমিনিকে একই কোম্পানির নতুন পলিসি কেনার শর্ত দিচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরোনো পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে অবশিষ্ট টাকা গ্রাহককে দেওয়া হচ্ছে। এতে বীমাগ্রহীতাদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি গ্রাহকদের অসন্তুষ্টি বাড়ছে।
নতুন নির্দেশনায় বীমা দাবি নিষ্পত্তিতে নির্ধারিত সময়সীমা মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী, নির্ধারিত ৯০ দিনের মধ্যে বীমা দাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। এই সময়ের মধ্যে অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি কেনার শর্ত আরোপ বা প্রিমিয়ামের অর্থ সমন্বয়ের কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
তবে বীমা দাবি পরিশোধের সময়সীমা অনুযায়ী নতুন পলিসি ইস্যুর ক্ষেত্রে পৃথক বিধিনিষেধ আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ৯০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ বীমা দাবির অর্থ সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই কোম্পানির নতুন পলিসি ইস্যুতে কোনো বাধা থাকবে না।
অন্যদিকে, নির্ধারিত ৯০ দিনের পরবর্তী ৩০ দিনের মধ্যে বীমা দাবির অর্থ পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যু করতে পারবে না ওই বীমা কোম্পানি।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বীমা দাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পরে পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা থাকবে।
আইডিআরএ জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন এ নির্দেশনার মাধ্যমে বীমা দাবি নিষ্পত্তিতে গ্রাহকের প্রাপ্য অর্থের পূর্ণাঙ্গ পরিশোধ নিশ্চিত করা এবং দাবি পরিশোধের সঙ্গে নতুন পলিসি বিক্রির শর্ত জুড়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বীমা দাবি নিষ্পত্তিতে কোম্পানিগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত