সোমবার, নভেম্বর ২, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
সোমবার, নভেম্বর ২, ২০২৬

৩০ ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা সাময়িক বন্ধ

অর্থজগত প্রতিবেদন
প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়ন ও ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে সীমিত হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা ব্যবহারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর রাত ৯টা থেকে এসব সেবায় সীমাবদ্ধতা কার্যকর হয়েছে। মাইগ্রেশন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই প্রযুক্তিগত কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিকভাবে চালু করার কথা জানিয়েছে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণেই সাময়িক এ বিঘ্ন। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর সেবা সীমিত করার বিষয়টি আগে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়নি। সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবেই ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে ব্যাংকগুলো আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেনি।
মাইগ্রেশনের সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, সিআরএম ও পিওএসের মাধ্যমে লেনদেনে বিঘ্ন ঘটতে পারে। অবশ্য সব ব্যাংকের সব ধরনের সেবা একই সময়ে বন্ধ থাকবে না। কোন ব্যাংকের কোন সেবা কতক্ষণ সীমিত থাকবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যাংকের প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর।
সাময়িকভাবে প্রযুক্তিনির্ভর সেবা সীমিত হওয়া ৩০টি ব্যাংক হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
সেবায় সাময়িক সীমাবদ্ধতার বিষয়টি গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। জরুরি লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। তবে ব্যাংকভেদে ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকার কথা জানানো হয়েছে।
এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবা—বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে লেনদেন চালু থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ফলে সব ধরনের ব্যাংকিং লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না।
প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন, সিস্টেমের সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা জোরদারের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকিং সেবা সীমিত করা আন্তর্জাতিকভাবেই প্রচলিত একটি প্রক্রিয়া। তবে একই সময়ে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত হওয়ায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে জরুরি প্রয়োজনে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন, দোকানে কার্ডের মাধ্যমে কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা কিউআরভিত্তিক লেনদেন করতে গিয়ে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। এ কারণে যেসব গ্রাহকের আগামী কয়েক দিনে জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাদের আগেভাগেই বিকল্প লেনদেন ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সিস্টেম মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সীমিত থাকা সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক করা হবে। তবে একসঙ্গে এতগুলো ব্যাংকের সেবা সীমিত করার ক্ষেত্রে আগাম সমন্বয় ও গ্রাহকদের যথাসময়ে অবহিত করার বিষয়টি সামনে এনে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও পরিকল্পিতভাবে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত