অর্থজগত প্রতিবেদন
জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি নতুন পদে যোগ দেন। দীর্ঘ ৩৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের ব্যবসা ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।
ন্যাশনাল ব্যাংকের এমডি হওয়ার আগে মোহাম্মদ আবু জাফর প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসারের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু করেন মোহাম্মদ আবু জাফর। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিং উল্লেখযোগ্য।
শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।


