অর্থজগত প্রতিবেদন
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে স্কিমগুলোর বিনিয়োগ থেকে ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। স্কিমভেদে মুনাফার হার দাঁড়িয়েছে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরে অর্জিত মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং অর্থ জমা রাখার সময়কাল বিবেচনায় নিয়ে মুনাফা হিসাব করা হয়েছে। অর্জিত মুনাফা গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাব বা করপাস হিসাবে যোগ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং এ ব্যবস্থার কার্যক্রম আরও গতিশীল হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব ইতোমধ্যে যোগ করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা তাঁদের জমাকৃত অর্থের বিপরীতে অর্জিত মুনাফার সুফল পাবেন।


