অর্থজগত প্রতিবেদন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই বকেয়া ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এর ভ্যাট রিটার্নসংক্রান্ত সংশোধিত বিধানের কারণে কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন কর মেয়াদের মধ্যে রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হয়েছে। নতুন এ ব্যবস্থার ফলে অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ে জমা দেয়নি।
এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান এখনো জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিল করেনি, তাদের জন্য অতিরিক্ত সময় দিয়েছে এনবিআর। আগামী ১৫ অক্টোবরের মধ্যে রিটার্ন দাখিল করা হলে কোনো ধরনের জরিমানা আরোপ করা হবে না।
আদেশে আরও বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন কর মেয়াদের ভ্যাট রিটার্নই ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে সিস্টেমে দাখিল করতে হবে।
ফলে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা প্রতিষ্ঠানগুলো একদিকে জরিমানা থেকে ছাড় পাওয়ার সুযোগ পাচ্ছে, অন্যদিকে তিন কর মেয়াদের রিটার্ন একসঙ্গে হালনাগাদ করার সুযোগও তৈরি হয়েছে।


