পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘জেড’ ক্যাটেগরি থেকে পদোন্নতি পেয়ে ‘এ’ ক্যাটেগরিতে স্থান করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে প্রতিষ্ঠানটি নতুন ক্যাটেগরিতে লেনদেন শুরু করবে।
বীমা কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্জন তাদের সুসংগঠিত ভিত্তি, শক্তিশালী কর্মক্ষমতা, উন্নত করপোরেট সুশাসন ও আর্থিক শৃঙ্খলার প্রতিফলন। এতে প্রতিষ্ঠানটির ওপর নিয়ন্ত্রক সংস্থার আস্থার বিষয়টি ফুটে উঠেছে।
সম্প্রতি (৩১ আগস্ট ২০২৫) সফলভাবে সম্পন্ন হওয়া ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। কোম্পানি কর্তৃপক্ষ মনে করে, এই লভ্যাংশ প্রদান প্রতিষ্ঠানের মজবুত আর্থিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করার সদিচ্ছারই বড় প্রমাণ।
ধারাবাহিক আস্থা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী, নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সকল অংশীদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সোনালী লাইফের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে ভবিষ্যতে স্বচ্ছতা বজায় রেখে মানসম্পন্ন ও উদ্ভাবনী বীমা সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর বিজ্ঞপ্তি


