শনিবার, নভেম্বর ৭, ২০২৬
বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা ও আর্থিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
/ month
placeholder text
spot_img
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

৬১৭ বিও হিসাব চালুর সিদ্ধান্তে ডিবিএর সন্তোষ

অর্থজগত প্রতিবেদন
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় ডিবিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং বিএসইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৬১৭টি বিও হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন এসব হিসাবে লেনদেন বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারছিলেন না।
এ পরিস্থিতিতে হিসাবগুলো পুনরায় চালুর জন্য গত ২০ জুলাই ২০২৬ বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে সংগঠনটি জানায়, কোনো আইনগত কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা বা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া উচিত।
ডিবিএর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিত হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনটির মতে, ৬১৭টি বিও হিসাব সচল হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা আবারও শেয়ার লেনদেন করতে পারবেন। একই সঙ্গে এসব হিসাবে থাকা শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ পাবে। এতে পুঁজিবাজারের লেনদেন ও তারল্য প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ডিবিএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন বিও হিসাব স্থগিত থাকায় মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো ব্যবসায়িক ও আর্থিক সমস্যার মুখে পড়ে। হিসাবগুলো পুনরায় চালুর ফলে এসব প্রতিষ্ঠানের আটকে থাকা শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হবে। ডিবিএর মতে, এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সহজ হবে।
পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে ডিবিএ। এ লক্ষ্যে বিএসইসিসহ পুঁজিবাজারের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বাধিক পঠিত