অর্থজগত প্রতিবেদন
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এবারের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। প্রতিপাদ্যের মাধ্যমে ভবনের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো এবং এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি বাড়তি আয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের প্রেক্ষাপটে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সম্ভাবনা তুলে ধরবে এবারের এক্সপোর প্রতিপাদ্য।


