অর্থজগত প্রতিবেদন
নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন মূল্য সমন্বয়ের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির খুচরা পর্যায়ে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা এবং ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি ৭ হাজার ৭২৬ টাকায় বিক্রি করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৯ পয়সা। অন্যদিকে, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সরকারি এলপিজির দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সাড়ে ১২ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করেছে কমিশন।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর নির্ধারিত নতুন মূল্য এবং প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় দাম ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের জন্য এ মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে নতুন দর কার্যকরের পর রান্নার জ্বালানি এলপিজি ব্যবহারে ভোক্তাদের বাড়তি ব্যয় বহন করতে হবে।


